আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সাফল্য, শাফায়েত মনসুরের ‘মাইন্ড ইট’ পেল নতুন স্বীকৃতি
বাংলাদেশি নির্মাতা শাফায়েত মনসুরের পরীক্ষামূলক এআই-নির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাইন্ড ইট’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। চলচ্চিত্রটি এবার এনভাটো আয়োজিত ‘OMNI 1.5 HYPERPHANTASIA’ প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে, যা এর বিশ্বব্যাপী উৎসবযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।
এর আগে স্পেনের লা গারিগা ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট ইন্ডি ফিল্ম’ পুরস্কার জিতে আলোচনায় আসে ‘মাইন্ড ইট’। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়াকে চলচ্চিত্রটির জন্য আরেকটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ৩,৮০০-এরও বেশি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত হয়েছে ‘মাইন্ড ইট’। প্রতিযোগিতাটির জুরি বোর্ডে ছিলেন হলিউড নির্মাতা অ্যালেক্স প্রোইয়াস, যিনি ‘আই, রোবট’, ‘দ্য ক্রো’ ও ‘ডার্ক সিটি’র মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। এছাড়া জুরি প্যানেলে ছিলেন খ্যাতনামা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ প্রফেসর টবি ওয়ালশ।
এই অর্জন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাফায়েত মনসুর বলেন, ‘মাইন্ড ইট’ মূলত কোনো বাণিজ্যিক পরিকল্পনা থেকে তৈরি হয়নি। বরং জেনারেটিভ এআই এবং ইমারসিভ প্ল্যাটফর্ম নিয়ে তাঁর গবেষণার বাস্তব প্রয়োগ হিসেবেই প্রকল্পটির জন্ম। তিনি জানান, একটি ছোট পরীক্ষামূলক কাজ এত দূর পৌঁছে যাবে, তা কখনও কল্পনাও করেননি।
নির্মাতার ভাষায়, ব্যক্তিগত ভাবনা ও অনুভূতি প্রকাশের একটি সৃজনশীল প্রচেষ্টা হিসেবেই শুরু হয়েছিল ‘মাইন্ড ইট’। কিন্তু সেই সাধারণ পরীক্ষাই আজ তাকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন পরিচিতি এনে দিয়েছে।

Comments
Post a Comment