পরিচালনায় নতুন অধ্যায় শুরু করছেন নওশাবা
পরিচালনায় নতুন অধ্যায় শুরু করছেন নওশাবা, আসছে পরিবেশভিত্তিক চলচ্চিত্র ‘সোমেশ্বরী’
অভিনয়, মঞ্চনাটক ও টেলিভিশনে দীর্ঘদিনের অভিজ্ঞতার পর এবার নির্মাতার ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোমেশ্বরী’ পরিবেশ বিপর্যয়, নদীকেন্দ্রিক জনপদের সংকট এবং গ্রামীণ মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
ছবিটি প্রযোজনা করেছেন বিবেশ রায়। সুনামগঞ্জের মধ্যনগর এবং সোমেশ্বরী নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে। স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ গল্পকে পর্দায় তুলে ধরতে ছবিটিতে পেশাদার শিল্পীদের পাশাপাশি প্রথমবারের মতো অভিনয় করেছেন ওই অঞ্চলের অনেক স্থানীয় বাসিন্দাও।
এর আগে বিবেশ রায়ের প্রযোজনায় নির্মিত ‘ধানের কাব্য’ মধ্যনগরের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘সোমেশ্বরী’-তেও একই জনপদের জীবন ও প্রকৃতিকে কেন্দ্র করে নতুন গল্প নির্মাণ করা হয়েছে।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ছবিটির গল্প প্রচলিত নিয়মে আগে থেকে লেখা কোনো চিত্রনাট্য অনুসরণ করে তৈরি হয়নি। বরং নওশাবা এবং তার সহযাত্রী আপন, লতা ও জাহিদসহ একটি সৃজনশীল দল সরাসরি মধ্যনগরে গিয়ে স্থানীয় মানুষ, প্রকৃতি ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে গল্পটি গড়ে তোলেন।
নওশাবা জানান, শুরুতে তার পরিকল্পনা ছিল শুধুই পরিচালনার দায়িত্ব পালন করা। কিন্তু মূল চরিত্রের জন্য উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত তিনিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন।
চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের শৈশবের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। নওশাবা বলেন, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে দেশের বিভিন্ন গ্রামের মানুষের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। ফলে গ্রামীণ সমাজ, তাদের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে তার একটি স্বাভাবিক বোঝাপড়া রয়েছে, যা অভিনয়ে বিশেষভাবে সহায়তা করেছে। পাশাপাশি মধ্যনগরের মানুষের আন্তরিক সহযোগিতাও শুটিংকে সহজ করেছে।
নওশাবার ভাষ্য, ‘সোমেশ্বরী’ শুধু একটি গল্পনির্ভর চলচ্চিত্র নয়; এটি অনিয়ন্ত্রিত আধুনিকায়ন ও পরিবেশ ধ্বংসের পরিণতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন পৃথিবী রেখে যাচ্ছি— সেই ভাবনাই চলচ্চিত্রটির মূল বার্তা।
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া-এর অঙ্গপ্রতিষ্ঠান গ্রিন ফিল্মস ব্যানারে নির্মিত ‘সোমেশ্বরী’ ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। পরিচালনায় নওশাবার এই নতুন যাত্রা তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
#QuaziNawshabaAhmed #Someshwari #BangladeshCinema #GreenFilms

Comments
Post a Comment