বাংলায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
বাংলাদেশের দর্শকদের জন্য প্রথমবারের মতো বাংলা ভাষায় সম্প্রচার হতে যাচ্ছে তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’। মূল তুর্কি সিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদ্দিন এয়্যুবি’-এর বাংলা ডাব সংস্করণ আগামী ২ আগস্ট থেকে যৌথভাবে নিয়ে আসছে নাগরিক টিভি ও বঙ্গ (Bongo)।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরিজটি রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে। টেলিভিশন সম্প্রচারের এক ঘণ্টা পর, রাত ৯টা থেকে এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে।
ঐতিহাসিক এই সিরিজে তুলে ধরা হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম কিংবদন্তি সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবি-র জীবন ও সংগ্রামের কাহিনি। জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্য, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই—সবকিছুই নাটকীয় উপস্থাপনায় ফুটে উঠেছে এতে।
তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই প্রযোজনাটি বিশাল আয়োজন, চমকপ্রদ সিনেমাটিক দৃশ্য, বাস্তবধর্মী যুদ্ধের দৃশ্য এবং মধ্যযুগীয় পরিবেশের নিখুঁত নির্মাণের জন্য বিশেষভাবে প্রশংসিত।
সংবাদ সম্মেলনে বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, বাংলা ভাষাভাষী দর্শকদের সামনে সালাহউদ্দিন আইয়ুবির অনুপ্রেরণামূলক জীবন তুলে ধরতে পেরে তারা আনন্দিত। তাঁর মতে, ইতিহাস, রাজনীতি, আবেগ এবং রোমাঞ্চে ভরপুর এই সিরিজটি দেশের দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।
অন্যদিকে, নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, বিশ্বমানের আন্তর্জাতিক কনটেন্ট দেশীয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই বঙ্গ-এর সঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই যৌথ আয়োজন দর্শকদের জন্য নতুন এক বিনোদন অভিজ্ঞতা তৈরি করবে।
অনুষ্ঠানে সিরিজটির বাংলা ট্রেলার ও অফিসিয়াল পোস্টারও উন্মোচন করা হয়। এ সময় নাগরিক টিভি ও বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
#SultanSalahuddinAyyubi #TurkishSeries #BanglaDub #EntertainmentNews

Comments
Post a Comment