বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকায় মাতাবেন সানজয়
বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকায় মাতাবেন সানজয়
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর সানজয় দেব এবার দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে আসছেন। বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকার মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরার জন্যও প্রশংসা কুড়িয়েছেন সানজয়। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পরা মেরুন রঙের বিশেষ পোশাকে ছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকার নকশা, যা বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়েছিল।
আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে পারফর্ম করবেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ইডিএম (EDM) প্রযোজক ও ডিজে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ছয় দিনব্যাপী এই উৎসবে ম্যাচের বড় পর্দায় সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন্স জানিয়েছে, বিশ্বকাপের শেষ পর্বকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উৎসবের প্রথম দিন ১৪ জুলাই ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে মঞ্চে থাকবেন ফিরোজ জং ও ডিজে সুমন। ১৫ জুলাই ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিনে পারফর্ম করবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। ১৬ জুলাই দর্শকদের মাতাবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই মঞ্চে উঠবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই পারফর্ম করবেন ডিজে সানি। আর ১৯ জুলাই, বিশ্বকাপ ফাইনালের আগে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হিসেবে সানজয়ের সঙ্গে মঞ্চ ভাগ করবেন ডিজে জাদু।
ইতোমধ্যে টিকিট টুমরো প্ল্যাটফর্মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের জন্য ৩০০ টাকা এবং সমাপনী দিনের টিকিট ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে উৎসবের কার্যক্রম।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সানজয় দেব শৈশব থেকেই যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইডিএম প্রযোজক ও ডিজে হিসেবে তিনি অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কণা, হাবিব ওয়াহিদ ও জেফারসহ বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন।
#Sanjoy #FIFAWorldCup #DhakaConcert #EDM

Comments
Post a Comment