'আঁধার' থেকে নাজিফা তুষীর লুক নিজেই ‘ফাঁস’ করলেন রায়হান রাফি
আসন্ন অতিপ্রাকৃত থ্রিলার ‘আঁধার’-এর প্রচারণায় ভিন্নধর্মী কৌশল বেছে নিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সাধারণত সিনেমার শুটিং সেট থেকে বিভিন্ন ছবি অনানুষ্ঠানিকভাবে ফাঁস হতে দেখা যায়। তবে এবার সেই কাজটি করলেন স্বয়ং পরিচালকই।
নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে রাফি জানান, এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্টিল নয়; বরং শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট। সেই পোস্টের মাধ্যমেই প্রথমবারের মতো দর্শকদের সামনে আসে নাজিফা তুষীর ‘নাদিয়া’ চরিত্রের লুক। রাফির ভাষায়, ‘আঁধার’-এ দর্শকরা তুষীকে তার ক্যারিয়ারের সবচেয়ে মোহময় রূপে দেখতে পাবেন।
পরিচালকের এই ‘লিক’-এর জবাব দিতে দেরি করেননি নাজিফা তুষীও। নিজের ফেসবুকে একই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, প্রায় এক বছর চুপ থাকার পর এবার আর নীরব নন। একই সঙ্গে মজার ছলে নিজের লুক ‘ফাঁস’ করার জন্য রাফিকেও ধন্যবাদ জানান তিনি।
তুষী আরও জানান, ‘নাদিয়া’ এখন পর্যন্ত তার অভিনয়জীবনের সবচেয়ে প্রিয় চরিত্র। তার ভাষায়, এই চরিত্র তাকে নানা ধরনের আবেগ প্রকাশের সুযোগ দিয়েছে। কাজটি ছিল কঠিন, কিন্তু একই সঙ্গে দারুণ উপভোগ্য। বড় পর্দায় দর্শকরাও নাদিয়াকে ঠিক ততটাই ভালোবাসবেন বলে তার বিশ্বাস।
রায়হান রাফি পরিচালিত ‘আঁধার’-এ আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার এবং তানজিকা আমিন। বহুল প্রতীক্ষিত ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
#Andhar #NazifaTushi #RaihanRafi #BanglaCinema

Comments
Post a Comment