নতুন মৌলিক ওয়েব-ফিল্ম ‘চা গরম’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল, শুধু চরকিতে।
পহেলা বৈশাখে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে চরকি। নতুন মৌলিক ওয়েব-ফিল্ম ‘চা গরম’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল, শুধু চরকিতে।
শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, সাফা কবির, রেজওয়ান পারভেজ, সারা জাবিন আদিতি ও এ কে আজাদ সেতু। ৫ এপ্রিল প্রকাশিত হয়েছে সিনেমার অফিসিয়াল পোস্টার, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে।
‘চা গরম’ কেবল চা-বাগানের সৌন্দর্য নয়, তুলে ধরবে সেই বাগানের ভেতরের জীবন—শ্রমিকদের দৈনন্দিন বাস্তবতা, অধিকার ও বেঁচে থাকার লড়াই। পরিচালক শঙ্খ দাসগুপ্ত জানান, আমাদের সিনেমায় চা-বাগানকে প্রায়ই শুধু সুন্দর পটভূমি হিসেবে দেখানো হয়। কিন্তু তিনি চেয়েছেন সেই নান্দনিকতার আড়ালে থাকা অজানা গল্পগুলো সামনে আনতে। গবেষণার সময় তিনি নিজেও উপলব্ধি করেছেন, এই জগত সম্পর্কে আমাদের জানাশোনা কতটাই না সীমিত।
অভিনেত্রী সাফা কবির বলেন, ভিন্নধর্মী গল্প আর পরিচালকের দৃষ্টিভঙ্গিই তাকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। রেজওয়ান পারভেজের ভাষ্য, তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং—টিজার বা ট্রেলার দেখলেই দর্শক তা বুঝতে পারবেন। সারা জাবিন আদিতির মতে, গল্পটি চা-বাগানের কঠিন বাস্তবতাকে খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে। আর পার্থ শেখ জানান, গল্প ও চরিত্র শুনেই তিনি বুঝেছিলেন—এটি একটি বিরল ও অনন্য কাজ।
নতুন বছরের মতোই ‘চা গরম’ হয়তো পুরনো ধ্যানধারণা ভেঙে নতুন এক দৃষ্টিভঙ্গি উপহার দেবে। এখন অপেক্ষা টিজার ও ট্রেলারের!
#ChaGorom #Chorki #PahelaBaishakh #BanglaWebFilm

Comments
Post a Comment