হলিউডে নতুন অধ্যায়: টিভি নাটকে অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবলের মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিতব্য টেলিভিশন ড্রামা “Day Is”–এ তিনি শুধু অভিনয়ই করছেন না, থাকছেন নির্বাহী প্রযোজকের ভূমিকাতেও। এটি হবে চিত্রনাট্যভিত্তিক টেলিভিশন প্রযোজনায় রোনালদোর প্রথম বড় পদক্ষেপ।
এই সিরিজে রোনালদোর সঙ্গে দেখা যাবে সাবেক ফ্রান্স ও আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরিকে। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। তিনি স্ট্যানলি ডালটন নামে এক প্রভাবশালী ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন, যার চোখে উঠে আসবে আধুনিক পেশাদার ফুটবলের নানা অজানা দিক।
“Day Is” নির্মাণ করছে UR•Marv Studios, যা রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের যৌথ উদ্যোগ। ‘কিংসম্যান’ ও ‘কিক-অ্যাস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক ভন আগেই জানিয়েছিলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট তৈরি করাই তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, “ফুটবলের বাইরেও জীবনের নতুন সম্ভাবনাগুলো আমাকে অনুপ্রাণিত করছে। এটি আমার ক্যারিয়ারের একটি রোমাঞ্চকর অধ্যায়।”
অন্যদিকে ম্যাথিউ ভনের ভাষ্য, “ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প লিখেছেন, যা কল্পনাতেও আনা কঠিন। এবার আমরা একসঙ্গে দর্শকদের জন্য নতুন অনুপ্রেরণার গল্প তৈরি করতে চাই।”
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়ামে ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে। সেখানে সম্প্রতি থিয়েরি অঁরিকেও শুটিং সেটে দেখা গেছে। সিরিজটিতে আরও অভিনয় করছেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাত।
ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ভাবনায় নির্মিত এই সিরিজে আধুনিক ফুটবল শিল্পের বাস্তব চিত্র তুলে ধরা হবে। নির্মাতাদের দাবি, জনপ্রিয় সিরিজ “Ted Lasso”–এর তুলনায় এটি হবে অনেক বেশি বাস্তবধর্মী এবং পেশাদার ফুটবলের অন্তরালের গল্পনির্ভর।
বর্তমানে সৌদি ক্লাব আল-নাসর এবং পর্তুগাল জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা ও বিনোদন অঙ্গনেও নিজের উপস্থিতি বাড়িয়ে চলেছেন রোনালদো। তথ্যচিত্র ও বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও “Day Is”-এর মাধ্যমে প্রথমবারের মতো তিনি পূর্ণাঙ্গ চিত্রনাট্যভিত্তিক টেলিভিশন সিরিজে অভিনয় ও প্রযোজনা—দুই ভূমিকাতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
#CristianoRonaldo #Hollywood #DayIs #FootballDrama

Comments
Post a Comment