লাক্স সুপার স্টার ২০২৫-এর সেরা তিন বিজয়ীকে নিয়ে শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’
নতুন মুখদের নিয়ে আরও একটি ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তার নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে অভিনয় করছেন লাক্স সুপার স্টার ২০২৫-এর শীর্ষ তিন বিজয়ী—বিদুষী বার্নিতা, নাজাহ নাওয়ার এবং আমিনা ইসলাম।
১ আগস্ট থেকে শুরু হচ্ছে ছবিটির শুটিং। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হবে এর দৃশ্যধারণ। বছরের শেষ দিকেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (iScreen)-এ মুক্তির পরিকল্পনা রয়েছে।
নাম শুনে অনেকেই ভাবতে পারেন এটি কোনো ক্যাফেকে ঘিরে নির্মিত গল্প। তবে শিহাব শাহীন জানিয়েছেন, ‘ক্যাফে আমব্রেলা’ মূলত একাধিক মানুষের সম্পর্ক, ভালোবাসা, অনুভূতি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি একটি মাল্টি-স্টোরি রোমান্টিক ড্রামা। এতে সমান্তরালভাবে এগিয়ে যাবে কয়েকটি ভিন্ন গল্প, যা শেষ পর্যন্ত একে অপরের সঙ্গে যুক্ত হবে।
ছবিতে তিন নবাগত অভিনেত্রীর বিপরীতে থাকছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাঈদুর রহমান পাভেল, সানজিদা তাসনিম, সাবেরী আলম ও শিরিন আলম।
নবাগতদের অভিনয়ে আরও দক্ষ করে তুলতে শুটিং শুরুর আগে ১৫ দিনের বিশেষ অভিনয় কর্মশালারও আয়োজন করেছেন নির্মাতা। তার বিশ্বাস, এই প্রস্তুতি নতুন শিল্পীদের পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতি নিশ্চিত করবে।
এখন দেখার অপেক্ষা, লাক্স সুপার স্টারের এই নতুন তিন মুখ ‘ক্যাফে আমব্রেলা’ দিয়ে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারেন।
#CafeUmbrella #ShihabShaheen #LuxSuperStar2025 #BanglaOTT

Comments
Post a Comment