হুমায়ূন আহমেদের ‘জিন কাফিল’ নিয়ে ডালাসে রঙ্গমঞ্চের দুর্দান্ত অভিষেক
- Get link
- X
- Other Apps
হুমায়ূন আহমেদের ‘জিন কাফিল’ নিয়ে ডালাসে রঙ্গমঞ্চের দুর্দান্ত অভিষেক
যুক্তরাষ্ট্রের ডালাসে প্রথম মঞ্চায়নেই দর্শকদের হৃদয় জয় করেছে বাংলাদেশের নাট্যদল রঙ্গমঞ্চ। হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘জিন কাফিল’-এর দুটি প্রদর্শনীই ছিল হাউসফুল।
গত ২০ ও ২১ জুন ডালাস চিলড্রেনস থিয়েটারে অনুষ্ঠিত দুটি শো দেখতে প্রায় ৭৫০ জন দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, উত্তর টেক্সাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাংলা নাটকের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, আর এই সাড়া তারই প্রমাণ।
নাটকটির মঞ্চরূপ দিয়েছেন মনজুর চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন ফারহাদ হোসেন। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তিবাদী চরিত্র মিসির আলী, যিনি রহস্যময় কিছু ঘটনার অনুসন্ধানে নামেন। সেই অনুসন্ধানে যুক্তি, বিশ্বাস ও অতিপ্রাকৃত ঘটনার এক অনন্য মিশ্রণ উঠে আসে দর্শকদের সামনে।
প্রায় ১০ মাসের প্রস্তুতি এবং ৩০ জনেরও বেশি শিল্পী ও কলাকুশলীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই দুই ঘণ্টার প্রযোজনায় আধুনিক আলোকসজ্জা, ডিজিটাল প্রজেকশন, আবহসংগীত ও ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করে দর্শকদের জন্য তৈরি করা হয় ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা।
নাটকে সাইফুল হক রুমি মিসির আলীর চরিত্রে অভিনয় করেন। এছাড়া ফারহাদ হোসেন লেখক, মনজুর চৌধুরী ইমাম ইরতাজ উদ্দিন, নুসরাত টিন্নি লতিফা, শাহীন সাদাত লেখকের বন্ধু এবং আর্নিলা গুহ নোলক বর্ণনাকারীর ভূমিকায় অভিনয় করেন। আরও অভিনয় করেছেন ফয়জুল বারী অপু, সোহানা মনসুর, সাবরিনা রেইন, তাসকির আলী খান, সাবের হোসেন, তারেক চৌধুরী ও ফারজানা মোস্তফা আবদুল মালেকসহ অনেকে।
প্রযোজনাটির চিত্রনাট্য উন্নয়ন, ভিজ্যুয়াল ডিজাইন, পোশাক পরিকল্পনা ও সামগ্রিক প্রযোজনা তত্ত্বাবধানও করেন ফারহাদ হোসেন। সংগীত পরিচালনা করেন মাকসুদ জামিল মিন্টু। এছাড়া সহকারী পরিচালক ও স্টেজ ম্যানেজার হিসেবে ছিলেন মারুনা রাহী। মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা, মেকআপ, প্রজেকশন ও সাউন্ড ডিজাইনেও দক্ষ একটি দল কাজ করেছে।
নাটকটির সৃজনশীল পরামর্শক হিসেবে ছিলেন মেহের আফরোজ শাওন ও মোহাম্মদ জুয়েল রানা। রঙ্গমঞ্চের আনুষ্ঠানিক যাত্রার আগে দলটি কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ পরিচালিত দুটি অভিনয় কর্মশালারও আয়োজন করে।
উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের সন্তান বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন। তারা নাটকটি উপভোগ করার পাশাপাশি অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রযোজনার সাফল্যে উচ্ছ্বসিত রঙ্গমঞ্চের সভাপতি ও নির্দেশক ফারহাদ হোসেন বলেন, দর্শকদের ভালোবাসা তাদের বাংলা নাটককে প্রবাসে আরও বড় পরিসরে তুলে ধরার স্বপ্নকে শক্তিশালী করেছে। ইতোমধ্যে অস্টিন, সান আন্তোনিও, হিউস্টন, শিকাগো, ওয়াশিংটন ডিসি-ভার্জিনিয়া অঞ্চল এবং নিউইয়র্কে ‘জিন কাফিল’ মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে দলটি।
#BanglaTheatre #HumayunAhmed #MisirAli #BangladeshiDiaspora

Comments
Post a Comment