ঢাকার মঞ্চে জেমস-হাসানসহ রক তারকাদের মিলনমেলা, ফিরছে নব্বইয়ের দশকের স্মৃতি!
বাংলাদেশের ব্যান্ড সংগীতের সোনালি সময়ের স্মৃতি আবারও ফিরতে চলেছে ঢাকার কনসার্ট মঞ্চে। দীর্ঘ সময় পর একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন নগর বাউল জেমস ও আর্কের হাসান। তাঁদের সঙ্গে থাকছে দেশের জনপ্রিয় রক ও মেটাল ব্যান্ডের একঝাঁক তারকা। সব মিলিয়ে সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষা করছে জমজমাট এক রক সন্ধ্যা।
আগামী ২৩ অক্টোবর, শুক্রবার, রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’। নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া জেমস ও হাসানের একই মঞ্চে উপস্থিতি এই আয়োজনের অন্যতম আকর্ষণ। তাঁদের জনপ্রিয় গানগুলো ঘিরে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়ার সুযোগ পাবেন ভক্তরা।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন্স জানিয়েছে, এবারের কনসার্টে জেমসের নগর বাউল ও হাসানের আর্ক ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন এবং শূন্য। অর্থাৎ, একই সন্ধ্যায় একাধিক প্রজন্মের শ্রোতাদের পছন্দের ব্যান্ড সংগীত উপভোগ করার সুযোগ থাকছে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন গিটারিস্ট ওনি হাসান। তিনি ওয়ারফেজের সঙ্গে পারফর্ম করার পাশাপাশি একক পরিবেশনাও করবেন। এ ছাড়া মঞ্চে উঠবেন এ কে রাহুল।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়েছে। ইতোমধ্যে সোমবার থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগাম টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করে ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজ। এরপর ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় আয়োজন এবং ২০২৪ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। প্রতিবারই বাংলাদেশের রক ও মেটাল সংগীতের শিল্পী এবং শ্রোতাদের একত্র করার লক্ষ্য নিয়ে আয়োজনটি এগিয়েছে।
আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে পঞ্চম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। নব্বইয়ের দশকের রক সংগীতের নস্টালজিয়া, জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা এবং তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে ২৩ অক্টোবরের এই কনসার্ট সংগীতপ্রেমীদের জন্য হতে পারে স্মরণীয় এক সন্ধ্যা।
#James #Hasan #BanglaRock #RockNRhythm

Comments
Post a Comment