বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতিকে সম্মান জানাতে আবার বড় পর্দায় ফিরছে আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতিকে সম্মান জানাতে আবার বড় পর্দায় ফিরছে আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। হাসান আজিজুল হকের কালজয়ী গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে দেখেছে একান্ত, সংবেদনশীল ও মানবিক দৃষ্টিতে।
যুদ্ধের ভয়াবহতার ভেতর দুই বোন—রাহেলা ও সালেহার—ভালোবাসা, ত্যাগ ও লড়াইয়ের গল্পই এই চলচ্চিত্রের মূল সুর। সহিংসতা, বিভাজন ও পারিবারিক সংঘাতের পটভূমিতে নারীদের নীরব যন্ত্রণা ও অদম্য শক্তিকে তুলে ধরেছে ‘নকশীকাঁথার জমিন’। যদিও ছবিটি গত অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে, বিজয় মাস উপলক্ষে শহীদ ও যুদ্ধাহত নারীদের স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিশেষ প্রদর্শনী। অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করে প্রবেশমূল্যের বিনিময়ে আসন নিশ্চিত করতে হবে। জয়া আহসান ও ফারিহা শামস শিউতি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত এই চলচ্চিত্র বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার অর্জন করেছে এবং ভারতের ৫৩তম আইএফএফআই উৎসবে আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।
#নকশীকাঁথারজমিন
#বিজয়েরমাস
#মুক্তিযুদ্ধেরস্মৃতি
#বাংলাদেশিচলচ্চিত্র

Comments
Post a Comment