বহুল আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘চক্র’ ফিরছে নতুন আসর নিয়ে
পরিচালক ভিকি জাহেদের বহুল আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘চক্র’ ফিরছে নতুন আসর নিয়ে। ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ২০ পর্বের সিরিজটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়ে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন অভিনীত প্রথম সিজন তার অন্ধকার, রহস্যঘেরা আবহ আর অস্বস্তিকর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের কারণে দ্রুত জনপ্রিয়তা পায়।
প্রথম কিস্তির সাফল্যের পরই নির্মাতারা ঘোষণা দেন দ্বিতীয় সিজনের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘চক্র ২’ প্রস্তুত, আসছে এবারের ঈদুল ফিতরে। আগের মতোই এবারও গল্প এগোবে ঠিক সেখান থেকেই, যেখানে অ্যাডাম পরিবারের রহস্য এক দমবন্ধ করা মুহূর্তে থেমে গিয়েছিল।
আজ সামাজিক মাধ্যমে সিরিজটির এক ভয়াবহ অথচ আকর্ষণীয় পোস্টার প্রকাশ করেছেন ভিকি জাহেদ। ক্যাপশনে তিনি লিখেছেন,
“শয়তান সুখী ঘর খোঁজে। আর যখন সেই শয়তান আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ নেয়, তখন পালানোর আর কোনো পথ থাকে না। ময়মনসিংহের অভিশপ্ত অ্যাডাম পরিবারের প্রকৃত সত্যটা কী ছিল?”
নতুন সিজনে রহস্য আরও জটিল আকার নেবে বলে জানিয়েছেন নির্মাতা। প্রশ্ন উঠবে—সবকিছু কি কেবলই সম্মিলিত ভ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো বাস্তবতা? মনস্তাত্ত্বিক খেলা, অজানা আতঙ্ক আর অনুত্তরিত প্রশ্ন নিয়ে ‘চক্র ২’ আবারও দর্শকদের রাখবে টানটান উত্তেজনায়।
এই ঈদে আইস্ক্রিনে উন্মোচিত হবে অ্যাডাম পরিবারের অন্ধকার অধ্যায়ের নতুন পর্দা। প্রস্তুত তো আপনি?
#চক্র২ #VickyZahed #EidRelease #BanglaWebSeries
.png)
Comments
Post a Comment