শবনম বুবলী এবার মাইক্রোফোন হাতে
ঈদ মানেই বিশেষ আয়োজন, আর সেই আয়োজনে বরাবরের মতো চমক নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্বে দর্শকদের জন্য থাকছে এক ভিন্ন স্বাদ—অভিনয় জগতের পরিচিত মুখ শবনম বুবলী এবার মাইক্রোফোন হাতে হাজির হচ্ছেন গায়িকা হিসেবে!
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে একটি গান পরিবেশন করবেন বুবলী। পেশাদার গায়িকা না হলেও, ইমরানের সঙ্গে তার পরিবেশনা নাকি দারুণ জমেছে। টেলিভিশনে এটাই হবে বুবলীর প্রথম গান পরিবেশন, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল।
গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। ‘ইত্যাদি’ বরাবরই নতুনত্বের জন্য পরিচিত—এর আগে তাসনিয়া ফারিন, সিয়াম আহমেদ, জান্নাতুল সুমাইয়া হিমেসহ অনেকেই এই মঞ্চে প্রথমবার গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন।
ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্মিত বিশাল আউটডোর সেটে গত ২৪ জানুয়ারি গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে। ফাগুন অডিও ভিশনের প্রত্যাশা—মনোরম লোকেশন, লাইভ দর্শকের উচ্ছ্বাস এবং ইমরান-বুবলীর কণ্ঠের মেলবন্ধন এই পরিবেশনাকে করে তুলবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ।
#ইত্যাদি #শবনম_বুবলী #ইমরান_মাহমুদুল #ঈদ_স্পেশাল
Comments
Post a Comment