সাত বছরের বিরতির পর পর্দায় ফিরছেন গুণী অভিনেত্রী, চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত
সাত বছরের বিরতির পর পর্দায় ফিরছেন গুণী অভিনেত্রী, চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত। জনপ্রিয় পডকাস্ট “Behind the Fame with RRK”-এর নতুন পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে তাকে। আগামী শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় একযোগে প্রচারিত হবে অনুষ্ঠানটি—মাসরাঙ্গা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি বিপাশার জীবনের প্রথম পডকাস্ট উপস্থিতি।
২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বিপাশা। দীর্ঘদিন টেলিভিশন ও চলচ্চিত্র থেকে দূরে থাকলেও থেমে থাকেননি শিল্পচর্চায়। চিত্রশিল্পী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও কুড়িয়েছেন প্রশংসা ও স্বীকৃতি।
অভিনয়ে ফেরার প্রসঙ্গে বিপাশা স্পষ্ট করেছেন—তিনি অবসর নেননি। তার ভাষায়, “শিল্পী কখনোই অবসর নেয় না।” তবে এখন তিনি কেবল সেইসব চরিত্রেই কাজ করতে চান, যেগুলো গভীর চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এবং তাকে সম্পূর্ণভাবে চরিত্রে ডুবে যাওয়ার সুযোগ করে দেয়।
ক্যারিয়ারের শুরুর দিকে বহু বাণিজ্যিক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছিলেন তিনি—এমনকি কালজয়ী ‘কেয়ামত থেকে কেয়ামত’ ও বলিউড থেকেও এসেছিল কাজের আহ্বান। কিন্তু পার্শ্বচরিত্রে নিজেকে দেখতে আগ্রহী ছিলেন না বলে সেসব প্রস্তাব ফিরিয়ে দেন।
শিল্পের পাশাপাশি সমাজের প্রতিও দায়বদ্ধ বিপাশা। দেশের পথশিশুদের জন্য কাজ করার প্রবল ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সরকার ও প্রশাসনের সঙ্গে দেখা হলে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান বলেও জানান তিনি। পডকাস্টে এ সমস্যার সমাধানে তার কিছু নতুন ভাবনার কথাও উঠে এসেছে।
রুম্মান রশীদ খান সঞ্চালিত এবং জেড আই ফয়সাল প্রযোজিত “Behind the Fame with RRK”-এর এ পর্বটি তাই হতে যাচ্ছে বিশেষ এক আড্ডা—শিল্প, জীবন ও দায়িত্ববোধের গল্পে ভরপুর।
#বিপাশা_হায়াত #BehindTheFameWithRRK #বাংলাদেশ_বিনোদন #Podcast

Comments
Post a Comment