বহুল আলোচিত সিনেমা “রকস্টার” নিয়ে নতুন চমক দিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কি
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা “রকস্টার” নিয়ে নতুন চমক দিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কি। আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চর্কি, যা সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
রবিবার (১০ মে) “রকস্টার” ও চর্কির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। গত ৫ মে প্রকাশিত টিজার ইতোমধ্যেই দেশ-বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি নিয়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।
আজমান রুশো পরিচালিত “রকস্টার”-এ শাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন রূপে। অ্যাকশনধর্মী চরিত্রের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায়। চরিত্রটির জন্য নাকি নিজের শারীরিক গঠনেও বড় পরিবর্তন এনেছেন এই তারকা, কমিয়েছেন ওজনও।
চর্কির সিইও রেদওয়ান রনি জানিয়েছেন, মানসম্পন্ন কনটেন্টের সঙ্গে যুক্ত থাকার লক্ষ্য থেকেই এই সহযোগিতা। অন্যদিকে পরিচালক আজমান রুশো বলেন, নিজের সংগীতজীবনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের গল্প থেকেই নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাতি এবং সংলাপ রচনা করেছেন আইমান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর চর্কিতে ঠিক কবে “রকস্টার” স্ট্রিমিং হবে, সে ঘোষণা এখনও আসেনি। এখন দর্শকদের অপেক্ষা শুধু বড় পর্দায় ‘রকস্টার’ ঝড় দেখার।
#Rockstar
#ShakibKhan
#Chorki
#BanglaCinema

Comments
Post a Comment