বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কার্টুনিস্ট, কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন ব্যক্তিত্ব মোরশেদ মিশু
তিন বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কার্টুনিস্ট, কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন ব্যক্তিত্ব মোরশেদ মিশু। তার জীবনসঙ্গী হয়েছেন তাহমিনা শিপা, যিনি বর্তমানে বেটোপিয়া গ্রুপে ডাটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত। রাজধানীর মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পর নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে মিশু বলেন, “আমি সত্যিই খুব খুশি। ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতিটাই অন্যরকম। আমার মনে হয়, সবারই উচিত নিজের পছন্দের মানুষকে বিয়ে করা, তাহলে এই আনন্দটা অনুভব করা যায়।”
তাদের প্রেমের শুরুর গল্পটিও বেশ সিনেমার মতো। মিশু জানান, একদিন তিনি তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে শিপার অফিসের নিচে গিয়েছিলেন। অফিসের জানালা দিয়ে তাকে দেখে শিপা নাকি বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, “ওইটা কি মোরশেদ মিশু? যিনি কার্টুন আঁকেন আর ‘পেট কাটা শ’ করেছেন?” তখন বন্ধুটি শিপাকে পরিচয় করিয়ে দিতে চাইলে তিনি মজা করে বলেছিলেন, “না, উনি তো সেলিব্রিটি, হয়তো ভাব নেবেন!”
পরে অবশ্য সেই ভুল ভাঙে। বন্ধুর সঙ্গে নিচে নেমে আসেন শিপা, আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান মিশু। তিনি হাসতে হাসতেই বলেন, “আমি সঙ্গে সঙ্গেই বন্ধুকে জিজ্ঞেস করলাম, সে সিঙ্গেল কি না, আর তার ইনস্টাগ্রাম আইডিটাও চাইলাম। মজার বিষয় হলো, শিপা সবই শুনে ফেলেছিল। এরপর সে নিজেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেয়। তারপর থেকেই শুরু আমাদের গল্প।”
এই মুহূর্তে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও, চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন। 💍❤️
#MorshedMishu
#CelebrityWedding
#LoveStory
#BangladeshEntertainment

Comments
Post a Comment