ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র “বনলতা সেন”

ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র “বনলতা সেন”। শুক্রবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার, যেখানে রহস্যময় এক আবহ তৈরি করে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে নির্মাতা দল। পোস্টারের সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়— “এটা জাদু বা ভেলকির ঘর নয়। ঘরের চাবি আছে, কিন্তু খোলার উপায় নেই। সেই ঘরে কে থাকে?”

“উনপঞ্চাশ বাতাস”-এর পর এটি উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনে কোনো ধরনের আপস করেননি তিনি। এ কারণেই সিনেমাটির শুটিং শেষ করতে প্রায় আট মাস সময় লেগেছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। শুরুতে তাকে অন্য একটি চরিত্রের জন্য ভাবা হলেও পুরো চিত্রনাট্য পড়ার পর তিনি নিজেই বনলতা সেন চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। নাবিলার ভাষায়, “উজ্জ্বল ভাইয়ের সিনেমা যেন কবিতার মতো। দর্শক পর্দায় দেখলেই বুঝতে পারবেন কত যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে।”

জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা “বনলতা সেন” থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই চলচ্চিত্রটি ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হয়েছে। নির্মাতা মনে করেন, জীবনানন্দ দাশ বিশ্বসাহিত্যে আরও বড় স্বীকৃতি পাওয়ার যোগ্য, আর এই চলচ্চিত্র তার প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বী, রূপান্তি আকিদ, মাইমুনা মম ও শরিফ সিরাজ।

#BonolotaSen #BanglaCinema #EidRelease #MasudHasanUjjal


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]