পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। “মাওলা” শিরোনামের এই অ্যালবামটি হতে যাচ্ছে তাঁর পঞ্চম একক অ্যালবাম, যেখানে ভিন্নধর্মী সুর, আবহ আর আধ্যাত্মিক অনুভূতির মিশেলে হাজির হচ্ছেন তিনি এক নতুন রূপে।
গত ঈদুল ফিতরে অ্যালবামটির চারটি গান প্রকাশের পর থেকেই শ্রোতাদের আগ্রহ বাড়তে থাকে। এবার আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে অ্যালবামের শিরোনাম গান “মাওলা”। “মাওলা মাওলা মাওলা / তুই পানা দেরে মাওলা”— এমন কথার গানটি লিখেছেন রাশিদ নিউটন ও বালাম। গানটির মিউজিক ভিডিও নির্মিত হবে নেপালের মনোরম লোকেশনে, আর পরিচালনায় থাকছেন তানিম রহমান অংশু।
বালাম জানিয়েছেন, দীর্ঘদিন সিঙ্গেল গান প্রকাশ করলেও তিনি অনুভব করেছেন একটি পূর্ণাঙ্গ অ্যালবামই একজন শিল্পীর সৃষ্টিশীলতার নানা দিক একসঙ্গে তুলে ধরতে পারে। তাই “মাওলা”-তে ছয়টি ভিন্ন স্বাদের গান রেখেছেন তিনি, যেখানে প্রতিটি গানে থাকবে আলাদা আবহ, তবে মূল আকর্ষণ থাকবে মেলোডি।
বিশেষভাবে “মাওলা” গানটি সুফি ঘরানার সংগীতধারায় নির্মিত, যা বালামের ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা। তিনি জানান, করোনা মহামারির সময় মানুষের অনিশ্চয়তা, শূন্যতা ও মানসিক অস্থিরতা তাঁকে গভীরভাবে ভাবিয়েছিল। সেই অনুভূতি থেকেই জন্ম নেয় “মাওলা”।
অ্যালবামের সব গান নিজেই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, দর্শকদের জন্য আসছে আরও কিছু চমক।
“এক মুঠো রোদ্দুর”, “নেশা”, “একাকী মণ”, “তোমার জন্য”, “নূপুর বাজে”, “সঙ্গী হবে কি”, “রিমঝিম” কিংবা “অপরূপা”— একের পর এক জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এবার নতুন এক সংগীত ভুবনে দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছেন “মাওলা”-র মাধ্যমে।
#Balam
#Maola
#BanglaMusic
#SufiVibes

Comments
Post a Comment