যুক্তরাষ্ট্রের জাতীয় সম্প্রচারমাধ্যম এনপিআরের রিভিউ তালিকায় ‘রইদ’, বাংলাদেশের সিনেমার নতুন মাইলফলক

 


যুক্তরাষ্ট্রের জাতীয় সম্প্রচারমাধ্যম এনপিআরের রিভিউ তালিকায় ‘রইদ’, বাংলাদেশের সিনেমার নতুন মাইলফলক

আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (NPR)-এর অফিসিয়াল রিভিউর জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলা ভাষার চলচ্চিত্র এনপিআরের জাতীয় সম্প্রচার নেটওয়ার্কে রিভিউয়ের সুযোগ পেল, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় বায়োস্কোপ ফিল্মস-এর পরিবেশনায় মুক্তি পাওয়া ‘রইদ’ প্রতিষ্ঠানটির ৫৫তম আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন প্রকল্প। সংস্থাটি জানায়, এনপিআর কোনো চলচ্চিত্রকে রিভিউয়ের জন্য নির্বাচনের আগে তার গল্প, প্রেক্ষাপট, নির্মাণশৈলী ও শিল্পমান গভীরভাবে মূল্যায়ন করে। পরিবেশকের সঙ্গে প্রাথমিক আলোচনার পর চলচ্চিত্রটির স্ক্রিনার ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের এমন একটি মর্যাদাপূর্ণ জাতীয় সম্প্রচারমাধ্যমে কোনো সিনেমা স্থান পাওয়া আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে অস্কার ও বাফটার মতো বড় পুরস্কারের প্রচারণাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বায়োস্কোপ ফিল্মসের প্রতিষ্ঠাতা রাজ হামিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রতি বছর অন্তত একটি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে তারা কাজ করেন। তার ভাষায়, “এই পথ সহজ নয়, তবে অসম্ভবও নয়। ধাপে ধাপে বাংলা সিনেমাকে বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এনপিআরের মতো একটি জাতীয় প্ল্যাটফর্মে ‘রইদ’-এর নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনও। তিনি বলেন, “‘রইদ’ আমি নির্মাণ করেছি গল্পটির প্রতি গভীর ভালোবাসা থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছবিটি দর্শকদের কাছে পৌঁছেছে। এখন যুক্তরাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্মে এটি নিয়ে আলোচনা হবে—এটি একজন নির্মাতা হিসেবে আমাকে ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত করেছে।”

‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বঙ্গ এবং ফেসকার্ড।

#Roid #BangladeshiCinema #NPR #GlobalCinema

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]