অনির্দিষ্টকালের জন্য স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট
অনির্দিষ্টকালের জন্য স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট
সংগীতপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তীতে সরকারের নির্দেশে অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত নিতে হয়।
এর ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এবং ট্রিপল টাইম কমিউনিকেশনস।
আয়োজকদের যৌথ বিবৃতিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা যে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করেছেন, সেখান থেকেই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রিফান্ড প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে আয়োজকরা দর্শক, শুভানুধ্যায়ী, সহযোগী ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি অনুকূল সময়ে নতুন তারিখ ঘোষণা করে আবারও অনুপম রায়ের সংগীত সন্ধ্যায় দর্শকদের সঙ্গে মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Comments
Post a Comment