রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টার দেব-কে
বাংলা টেলিভিশনের জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টার দেব-কে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের উপস্থাপক সৌরভ গাঙ্গুলীর অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন দেব। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটু নার্ভাস, একটু খুশি। সবকিছুর চেয়ে বেশি উত্তেজিত। শুরু হচ্ছে একেবারে নতুন এক যাত্রা।”
এর আগে দেব ‘দাদাগিরি’-র নতুন মৌসুমের প্রচারণার শুটিং করেছেন বলে খবর প্রকাশিত হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার তার ঘোষণার পর দর্শকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নিজের স্বতন্ত্র উপস্থাপনা দিয়ে জনপ্রিয় এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবেন তিনি।
বছরের পর বছর সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় ‘দাদাগিরি’ বাংলা টেলিভিশনের অন্যতম সফল রিয়েলিটি শো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে দেব কীভাবে সেই জনপ্রিয়তা ধরে রেখে নিজের ছাপ ফেলবেন, তা নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
এদিকে অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও ব্যস্ত সময় পার করছেন দেব। সম্প্রতি তিনি তার নতুন পরিচালিত ও অভিনীত সিনেমা ‘DeSu7’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি জি বাংলার আরেক জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ১’-এও বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ ১৫ বছর ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করা রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন মৌসুমে দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
#Dadagiri #Dev #BengaliTelevision #Tollywood

Comments
Post a Comment