বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন আরেকটি ডাবিং-নির্ভর মাইক্রোড্রামা নিয়ে হাজির হয়েছে দীপ্তপ্লে
বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন আরেকটি ডাবিং-নির্ভর মাইক্রোড্রামা নিয়ে হাজির হয়েছে দীপ্তপ্লে। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং শুরু হচ্ছে ‘শৌভাগ্যের ছোট্ট তারা’, যা আন্তর্জাতিক মাইক্রোড্রামা “The Little Lucky Star”-এর বাংলা ডাব সংস্করণ। এটি দীপ্তপ্লের চতুর্থ বাংলা-ডাবড মাইক্রোড্রামা।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই পারিবারিক ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। একই সময়ে এক অশুভ অতিপ্রাকৃত শক্তির কবলে পড়ে রহস্যময় এক শূন্যতায় আটকা পড়েন তার মা।
পরবর্তীতে সু বাও অন্য একটি পরিবারে দত্তক গেলেও সেখানে ভালোবাসার বদলে অবহেলা ও নির্যাতনের শিকার হয়। শেষ পর্যন্ত আশ্রয় নেয় তার মামার বাড়িতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের অতীতের অজানা সত্য উন্মোচন করতে শুরু করে সে এবং একসময় খুঁজে পায় নিজের বাবাকেও।
এই অভিযাত্রায় সু বাওয়ের পথপ্রদর্শক হন শক্তিশালী আধ্যাত্মিক গুরু অ্যাঞ্জেল মাস্টার জি। তাঁর সহায়তায় একের পর এক রহস্যের সমাধান করতে করতে সু বাও আবিষ্কার করে নিজের সুপ্ত ক্ষমতা। নানা বিপদ অতিক্রম করে শেষ পর্যন্ত বন্দি মাকেও খুঁজে বের করার মিশনে নামতে দেখা যাবে তাকে।
মাইক্রোড্রামাটির বাংলা সংলাপ অনুবাদ, রূপান্তর ও সম্পাদনার দায়িত্ব পালন করেছে দীপ্ত টিভির ইন-হাউস রাইটিং টিম, যার তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুল হাসান মুরাদ। ভয়েস কাস্টের সার্বিক তত্ত্বাবধান করেছেন জয়শ্রী মজুমদার লতা এবং ডাবিং সম্পন্ন করেছে দীপ্ত টিভির ভয়েস অ্যাক্টিং দল।
#DeeptoPlay #BanglaDub #MicroDrama #OTTEntertainment

Comments
Post a Comment