‘বরবাদ’-এর পর এবার ওয়েব ফিল্মে মেহেদী হাসান হৃদয়, কেন্দ্রীয় চরিত্রে নুসরাত ফারিয়া
‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর এবার ওয়েব ফিল্ম নির্মাণে হাত দিচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার নতুন এই প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘টুটুলের টাকা’। তবে নির্মাতা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুক্তির আগে ছবিটির নাম পরিবর্তন হতে পারে।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন (iScreen) জানিয়েছে, ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। গল্পে তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার ভূমিকায় দেখা দেবেন।
এদিকে, গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এই ওয়েব ফিল্মে তাকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
গল্পের আরেকটি প্রধান চরিত্র একজন ব্যবসায়ীকে ঘিরে। এই ভূমিকায় অভিনয়ের জন্য মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী—দুজনের সঙ্গেই আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে রাজি নন নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।
ওয়েব ফিল্মটির কাহিনি আবর্তিত হবে একজন ব্যবসায়ী, এক জনপ্রিয় অভিনেত্রী এবং একজন পুলিশ কর্মকর্তাকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিল দ্বন্দ্বকে ঘিরে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিকল্পনা অনুযায়ী, মাত্র ১০ দিনের শিডিউলেই পুরো শুটিং শেষ করা হবে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘জিন ৩’ সিনেমায়।
#NusraatFaria #WebFilm #BanglaCinema #EntertainmentNews

Comments
Post a Comment