এনবিসির ‘টুডে শো’-তে সঞ্জয় ও নোরা ফাতেহির ঝলমলে পারফরম্যান্স
বাংলাদেশে জন্ম নেওয়া আন্তর্জাতিক সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয় এবং বলিউড তারকা নোরা ফাতেহি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান NBC-এর ‘Today Show’-এর ‘Third Hour’ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। বিশেষ ক্রীড়াভিত্তিক এই পর্বে তারা সরাসরি পরিবেশন করেন ফিফা বিশ্বকাপের অ্যান্থেম ‘Sir Sir’।
সঞ্জয়ের ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (EDM) ও পপের অনন্য সংমিশ্রণে তৈরি সুরের সঙ্গে নোরা ফাতেহির প্রাণবন্ত কণ্ঠ ও নৃত্য পরিবেশনায় জমে ওঠে পুরো মঞ্চ। অনুষ্ঠানে পারফরম্যান্সের আগে নোরা বলেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত।
তিনি বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। সেই উদযাপনের অংশ হতে পারা সত্যিই অসাধারণ অনুভূতি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিবোর্ড ও মিক্সিং কনসোলের পেছনে দাঁড়িয়ে নিজের স্বাক্ষরধর্মী সাউন্ডে পুরো পরিবেশনা পরিচালনা করছেন সঞ্জয়। এ সময় বিভিন্ন দেশের পতাকা হাতে নৃত্যশিল্পীদের অংশগ্রহণে মঞ্চে তৈরি হয় বিশ্বকাপের উৎসবমুখর আবহ।
গানের শেষ মুহূর্তে অনুষ্ঠানের উপস্থাপকরা মঞ্চে উঠে সঞ্জয় ও নোরার সঙ্গে নাচে যোগ দেন, যা দর্শকদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে।
বাংলাদেশে জন্ম নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সঞ্জয়। পশ্চিমা পপ ও ইডিএমের সঙ্গে দক্ষিণ এশীয় সংগীতের মেলবন্ধন ঘটিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বিশ্বের বিভিন্ন শিল্পীর সঙ্গে সফল সহযোগিতা এবং একের পর এক জনপ্রিয় প্রকাশনার মাধ্যমে তিনি ইতোমধ্যেই বৈশ্বিক সংগীতাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠানে এই পরিবেশনা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
#Sanjoy #NoraFatehi #TodayShow #FIFAWorldCup

Comments
Post a Comment