পর্দায় ফিরছেন তাহসান, সঞ্চালনায় ‘ভয়েস অব বাংলাদেশ’
পর্দায় ফিরছেন তাহসান, সঞ্চালনায় ‘ভয়েস অব বাংলাদেশ’
অভিনয় থেকে বিরতি নেওয়া এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দেওয়ার পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। তবে এবার অভিনেতা হিসেবে নয়, বরং আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার জাতীয় বাছাই পর্ব ‘ভয়েস অব বাংলাদেশ’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।
বাংলাদেশের প্রতিনিধিকে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ পাঠানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। বিচারকের দায়িত্বে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ পরিচিত মুখ— ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU) আয়োজিত ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক লাইভ সংগীত প্রতিযোগিতা। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এই লক্ষ্যেই শুরু হয়েছে ‘ভয়েস অব বাংলাদেশ’। প্রাথমিক অডিশন শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগী বর্তমানে বিশেষ প্রশিক্ষণ ও গ্রুমিং কার্যক্রমে অংশ নিচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী প্রতিযোগীই বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আয়োজনে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া এবং লাওসসহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন।
আজ ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হবে। একই অনুষ্ঠানে তাহসান খান এবং পাঁচ বিচারককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। পুরো প্রতিযোগিতা এবং গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo) ও এনটিভি (NTV)।
অন্যদিকে, বিনোদন অঙ্গনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তাহসান। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর (UNHCR)-এর শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তরুণ রোহিঙ্গাদের সঙ্গে তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নানা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন তিনি।
#TahsanKhan #VoiceOfBangladesh #EurovisionAsia #BangladeshMusic

Comments
Post a Comment