বোতল ছোড়ার ঘটনায় হাসান: ‘কোনো শিল্পীর সঙ্গে এমন আচরণ হওয়া উচিত নয়’
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট অনুষ্ঠিত ‘Songs of the Monsoon Revolution’ কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকালিস্ট হাসান। মঞ্চে পারফর্ম করার সময় তার দিকে দর্শকসারী থেকে একটি বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন হাসান। রাজশাহী থেকে ঢাকায় ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঘটনাটি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তবে বিষয়টিকে তিনি ক্ষমার দৃষ্টিতে দেখতে চান এবং তার ধারণা, যিনি বোতলটি ছুড়েছেন, তিনি হয়তো কাজটির পরিণতি বুঝতে পারেননি।
হাসানের মতে, একজন শিল্পী মঞ্চে ওঠেন দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য। তাই কোনো শিল্পীর প্রতি অসম্মানজনক বা অনিরাপদ আচরণ কখনোই কাম্য নয়। তিনি অনুরোধ করেছেন, ভবিষ্যতে যেন দেশের কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
শিল্পীদের রাজনৈতিক পরিচয় দিয়ে বিচার করার প্রবণতারও সমালোচনা করেছেন হাসান। তার বক্তব্য, একজন শিল্পীর পরিচয় কোনো নির্দিষ্ট সময়, সরকার বা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিল্পী একবার পরিচিতি পাওয়ার পর সারাজীবনই শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা ও সম্মানের দাবিদার।
তিনি আরও উল্লেখ করেন, শিল্পীরা বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক আয়োজনে গান পরিবেশন করেন। কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে একজন শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করা উচিত নয়।
হাসানের মতে, মঞ্চে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রাপ্য সম্মান দেওয়া শুধু আয়োজকদের নয়, দর্শক ও সংশ্লিষ্ট সবারই দায়িত্ব।
ঘটনার পরদিন, ৬ আগস্ট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একটি কনসার্টে পারফর্ম করে আর্ক। ঘটনাটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেও হাসান বিষয়টিকে ক্ষমা ও সচেতনতার মাধ্যমেই দেখার আহ্বান জানিয়েছেন।
#Hasan #ArkBand #BangladeshiMusic #ConcertSafety

Comments
Post a Comment