অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেব, আবেগঘন বার্তায় বললেন—‘আপনি সবসময় বাবার মতো’
অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। শুক্রবার (৭ আগস্ট) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা করেন তিনি।
লাদাখে নিজের নতুন সিনেমা ‘DeSu 7’-এর শুটিং শেষ করে শুক্রবারই কলকাতায় ফেরেন দেব। শহরে ফিরেই দেরি না করে হাসপাতালে ছুটে যান তিনি। সম্প্রতি হাতের অস্ত্রোপচার হয়েছে মিঠুনের। তাঁকে দেখতে এর আগে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও।
রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও মিঠুন ও দেবের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই বেশ গভীর। দেব বহুবার মিঠুনকে নিজের বাবার মতো একজন অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন। এমনকি এই ঘনিষ্ঠতার কারণে রাজনৈতিক মহলে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে।
মিঠুনের সঙ্গে দেখা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন দেব। আবেগঘন সেই বার্তায় তিনি লেখেন, “আপনি সবসময় আমার কাছে বাবার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং জীবনের প্রাপ্য সবকিছুর জন্য শুভকামনা।”
ছবির একটিতে দেখা যায়, দেবের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন মিঠুন। পোস্টটি প্রকাশের পরই ভক্ত-অনুরাগীরা বর্ষীয়ান অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
এর আগে ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন দেব ও মিঠুন। সিনেমাটি দর্শকদের প্রশংসা পাওয়ার পর মিঠুনের সঙ্গে আবারও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন দেব।
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি দেব এখন ব্যস্ত তাঁর আসন্ন পুজোর সিনেমা নিয়ে। এই ছবির প্রযোজক ও অভিনেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিনেমাটির মাধ্যমে পরিচালনায়ও অভিষেক হতে যাচ্ছে তাঁর। এর পাশাপাশি সাংসদ হিসেবেও নিজের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
#Dev #MithunChakraborty #Projapati #Tollywood

Comments
Post a Comment