শিল্পকলায় ‘মাস্তুল’ দেখতে উপচে পড়া দর্শক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘একাল সেকাল’ চলচ্চিত্র উৎসবে সোমবার (১০ আগস্ট) প্রদর্শিত মোহাম্মদ নুরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’ ঘিরে তৈরি হয় দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস। সন্ধ্যা ৮টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী শুরু হওয়ার আগেই দীর্ঘ সারি পড়ে যায়। আসন পূর্ণ হয়ে যাওয়ার পর অনেক দর্শককে সিঁড়ি, মেঝে ও আইলের পাশে বসেই সিনেমাটি উপভোগ করতে দেখা যায়।
দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগাপ্লুত নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। তাঁর ভাষ্য, বড় পর্দায় একসঙ্গে সিনেমা দেখার যে অভিজ্ঞতা, তা ঘরে বসে পাওয়া সম্ভব নয়। প্রদর্শনীজুড়ে দর্শকদের করতালি, হাসি ও নানা প্রতিক্রিয়ায় মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
সিনেমা শেষ হওয়ার পরও অনেক দর্শক মিলনায়তনে থেকে অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। নির্মাতার কাছে এই মুহূর্তটি হয়ে ওঠে আরও বিশেষ। অভিনেতা ফজলুর রহমান বাবুও এই অভিজ্ঞতাকে মঞ্চে সরাসরি অভিনয় করার আনন্দের সঙ্গে তুলনা করেছেন।
নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবন, সম্পর্ক ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’। পুরোনো তেলবাহী জাহাজের রাঁধুনি মকবুল ও বন্দরের আশপাশে বেড়ে ওঠা পথশিশু নূরাকে ঘিরে এগিয়েছে সিনেমার কাহিনি।
শিল্পকলায় দর্শকদের এই ভালোবাসাকে ‘মাস্তুল’ টিমের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন নির্মাতা। দর্শকদের আগ্রহের কারণে শিগগিরই শিল্পকলা একাডেমিতে সিনেমাটির আরও একটি প্রদর্শনী হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
#Mastul #BangladeshiCinema #FilmFestival #MohammadNuruzzaman

Comments
Post a Comment