আফজাল হোসেন পেলেন ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’
অভিনয়, নির্মাণ, লেখালেখি ও চিত্রকলাসহ সৃজনশীলতার নানা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য শিল্পী ও নির্মাতা আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ প্রদান করেছে ট্যাগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস (TUCA)।
রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের সঙ্গে আফজাল হোসেনের প্রাণবন্ত মতবিনিময়।
আফজাল হোসেনের দীর্ঘ সৃজনযাত্রা ও শিল্পকর্মের ওপর আলোকপাত করে তাঁর জীবন ও ক্যারিয়ার তুলে ধরা হয়। একইসঙ্গে তাঁর সম্মানে পাঠ করা হয় বিশেষ প্রশংসাপত্র।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার, মিউজিক, ড্যান্স ও ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা নাট্য পরিবেশনা, দলীয় সংগীত, নৃত্য ও ফ্যাশন শোর মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন। পরিবেশিত হয় লালনের গানও।
সম্মাননা গ্রহণের পর নিজের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন আফজাল হোসেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
অনুষ্ঠানে TUCA বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান বলেন, আফজাল হোসেন শুধু অভিনেতা, নির্মাতা বা শিল্পী নন—তিনি সময়ের অন্যতম বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব। তাঁর কাজ দর্শককে যেমন আনন্দ দিয়েছে, তেমনি ভাবতে, প্রশ্ন করতে এবং নতুন দৃষ্টিতে সৌন্দর্য দেখতে অনুপ্রাণিত করেছে।
সৃজনশীল অঙ্গনে দীর্ঘ পথচলার এই স্বীকৃতিতে আরও একবার সম্মানিত হলো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক বহুমাত্রিক প্রতিভা। ❤️
#AfzalHossain #SrijonkolaGunijonSommanona #BangladeshiCulture #CreativeArts

Comments
Post a Comment