সুচিত্রা সেনকে ঘিরে নস্টালজিয়ার গান, কথা লিখলেন শহীদ মাহমুদ জাঙ্গী
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনকে স্মরণ করে নতুন গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জাঙ্গী। তার লেখা এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন পার্থিব ব্যান্ডের ভোকালিস্ট আশফাকুল বারী রুমন।
‘সুচিত্রা সেন’ শিরোনামের গানটি ৭ আগস্ট রুমনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।
তবে গানটি সুচিত্রা সেনের জীবনীভিত্তিক কোনো গল্প নয়। বরং এটি এক নস্টালজিক সময়ের স্মৃতিচারণ—যে সময়ে বাংলা সিনেমার দর্শকদের কল্পনায় সুচিত্রা সেন ছিলেন সৌন্দর্য, ভালোবাসা ও রোমান্টিকতার এক অনন্য প্রতীক।
গানটির পেছনের গল্প বলতে গিয়ে জাঙ্গী জানান, স্কুলজীবনে সুচিত্রা সেনকে ঘিরে মানুষের মধ্যে ছিল প্রবল আগ্রহ। তখন প্রিয় মানুষটির সঙ্গে সিনেমার নায়ক-নায়িকার তুলনা করাও ছিল বেশ স্বাভাবিক ব্যাপার। সেই পুরোনো সময়ের স্মৃতিই একসময় তাকে সুচিত্রা সেনকে নিয়ে গান লেখার অনুপ্রেরণা দেয়।
১৯৭৭ সাল থেকে গান লিখে আসছেন শহীদ মাহমুদ জাঙ্গী। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের জন্য অসংখ্য স্মরণীয় গান লিখেছেন তিনি। তার লেখা ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সময় যেন কাটে না’ এবং ‘হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয়’-এর মতো গান শ্রোতাদের কাছে আজও পরিচিত।
অন্যদিকে, রুমনের জন্য এই গানটি ছিল দীর্ঘদিনের একটি ইচ্ছাপূরণের গল্প। এর আগে জঙ্গীর লেখা গান গাইলেও তার কোনো গানে নিজে সুর দেওয়ার সুযোগ হয়নি। হঠাৎ এক রাতে জঙ্গী ফোন করে নতুন গানটি তার জন্য লেখা হয়েছে জানালে রুমন তার বাসায় গিয়ে কথা পড়েন এবং প্রথমবারেই গানটি পছন্দ হয়ে যায়। পরে গানটির ডেমো তৈরি করে জঙ্গীর অনুমোদন নেন তিনি।
দুই দশকেরও বেশি সময় ধরে পার্থিব ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন রুমন। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে একক শিল্পী হিসেবেও নিয়মিত গান প্রকাশ করছেন। তার একক গানগুলোর মধ্যে রয়েছে ‘ভাঙছে পাঁজর’ ও ‘ঝাপসা’।
সুচিত্রা সেনকে ঘিরে পুরোনো দিনের আবেগ, জাঙ্গীর নস্টালজিক গীতিকথা আর রুমনের সুর-কণ্ঠ—সব মিলিয়ে নতুন গানটি শ্রোতাদের কতটা স্পর্শ করে, এখন সেটিই দেখার অপেক্ষা। 🎵✨
#SuchitraSen #ShahidMahmudJangi #AshfaqulBariRumon #BanglaMusic

Comments
Post a Comment