আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ‘আলি’র জয়
আবারও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’। নির্মাতা আদনান আল রাজীবের এই সিনেমা ভারতের ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘এশিয়ান আই’ প্রতিযোগিতা বিভাগে জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে ‘আলি’র প্রযোজক তানভীর হোসাইন উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে উৎসবের আয়োজক, বিচারকমণ্ডলী, সিনেমাটির পুরো টিম এবং যারা শুরু থেকে পাশে ছিলেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নির্মাতা আদনান আল রাজীবও এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত ‘আলি’ গল্প বলে কিশোর আলিকে ঘিরে। সংগীতের জগতে নিজের পরিচয় তৈরি করার স্বপ্ন দেখে সে। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় লিঙ্গবৈষম্য, সামাজিক বিধিনিষেধ ও প্রচলিত সাংস্কৃতিক ধারণা।
আল-আমিন অভিনীত প্রধান চরিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রটি তুলে ধরেছে ব্যক্তিস্বাধীনতা, নিজের স্বপ্ন অনুসরণের আকাঙ্ক্ষা এবং সমাজের প্রচলিত রীতির বাইরে বেরিয়ে আসার সংগ্রাম।
এর আগে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগেও ‘আলি’ পেয়েছিল স্পেশাল মেনশন। এবার বেঙ্গালুরুর মঞ্চে সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার সম্ভাবনাকে আরও একবার সামনে আনল ছবিটি। 🇧🇩🏆
#AliFilm #BangladeshiCinema #InternationalFilmFestival #AdnanAlRajeev

Comments
Post a Comment