শাহরুখ খানের জন্মদিনে আসছে 'কিং'-এর টিজার
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার 'কিং'-এর টিজার প্রকাশ পাচ্ছে অভিনেতার জন্মদিন ২ নভেম্বর। ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার আগে ভক্তদের জন্য এটি হবে একটি বিশেষ জন্মদিনের উপহার, আর এর মধ্য দিয়েই শুরু হবে ছবির বৈশ্বিক প্রচারণা।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, টিজারে শাহরুখকে দেখা যাবে একেবারে নতুন রূপে, থাকবে বিশাল পরিসরের অ্যাকশন ও জোরালো সংলাপ। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছেন 'পাঠান'-এ, যা বিরতির পর শাহরুখের রুপালি পর্দায় প্রত্যাবর্তন চিহ্নিত করেছিল এবং বক্স অফিসে বিপুল সাফল্য পায়।
প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্র জানিয়েছে, আগের কাজগুলোর চেয়েও বড় পরিসরে তৈরি হচ্ছে এই ছবি। সূত্রটির ভাষ্য, 'পাঠান' ও 'জওয়ান'-এর ব্যাপ্তি যাঁদের ভালো লেগেছিল, 'কিং'-এ সিদ্ধার্থ তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। অ্যাকশন, রোমাঞ্চ ও গান হবে ছবির বড় আকর্ষণ।
'কিং'-এর মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে সুহানা খানের, যিনি বাবা শাহরুখের সঙ্গেই পর্দায় আসবেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রাঘব জুয়াল।
শোনা যাচ্ছে, ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে কারিনা কাপুরেরও। 'ড্যাডি কুল' শিরোনামের একটি গানে তাঁকে দেখা যাবে শাহরুখের সঙ্গে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত 'কিং' ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
#ShahRukhKhan #KingMovie #KingTeaser #SRKBirthday

Comments
Post a Comment