ওয়ারফেজের মঞ্চে ফিরছেন অনি হাসান
দীর্ঘ বিরতির পর আবারও একই মঞ্চে দেখা যাবে দেশের হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ ও তাদের সাবেক লিড গিটারিস্ট অনি হাসানকে। আগামী ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে কনসার্ট "রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন"।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টে ওয়ারফেজের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অনি। শুধু ব্যান্ডের সঙ্গেই নয়, ওয়ারফেজের বাইরের গান নিয়ে একক পরিবেশনাও থাকবে তাঁর।
নব্বইয়ের দশকের দেশীয় রক আন্দোলনের স্মৃতি ফিরিয়ে আনবে জেমসের নেতৃত্বাধীন নগর বাউল এবং হাসানের কণ্ঠে আর্ক। দুই ব্যান্ডের গান আজও প্রজন্ম থেকে প্রজন্মে শ্রোতাদের মুগ্ধ করে, তাই এই পরিবেশনা নস্টালজিয়ায় ভাসাবে দর্শকদের।
এ ছাড়া মঞ্চে উঠবে হেভি মেটাল ব্যান্ড অর্থহীন ও রক ব্যান্ড শূন্য। সঙ্গে থাকবেন গিটারিস্ট এ কে রাহুল।
২০২২ সালে যাত্রা শুরু করা "রক এন রিদম" সিরিজের প্রথম আসর হয়েছিল সে বছরই। এরপর দ্বিতীয় ও তৃতীয় আসর বসে ২০২৩ সালে, আর চতুর্থটি ২০২৪ সালে। পঞ্চম আসরকে আরও বড় পরিসরে সাজাতে চাইছেন আয়োজকেরা, যেখানে থাকবে অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি দেশের রক সংগীতের নানা ধারার প্রতিনিধিত্ব। আয়োজকেরা আরও জানিয়েছেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ইতিমধ্যে নেওয়া হয়েছে।
#Warfaze #OniHasan #RockNRhythm #BangladeshiRock

Comments
Post a Comment