‘স্বামীর সহযোগিতা না পেলে এতদূর আসতে পারতাম না’—তাহমিনা সুলতানা মৌ
বিনোদন অঙ্গনে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। নাচ ও মঞ্চনাটকের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করে পরবর্তী সময়ে অভিনয় ও টেলিভিশন বিজ্ঞাপনে নিজের অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’-এর তৃতীয় মৌসুমে আসমা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন মৌ। ইতোমধ্যে ধারাবাহিকটির ৫০টি পর্ব প্রচারিত হয়েছে। চরিত্রটি নিয়ে বেশ আনন্দিত তিনি। দর্শকদের কাছ থেকেও নিয়মিত ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
এদিকে শিগগিরই মীর সাব্বির পরিচালিত নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’-এ দেখা যাবে তাকে। মা ও পারিবারিক সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই নাটকটি সব বয়সী দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন মৌ। পরিচালকের কাজের প্রতি যত্ন ও আন্তরিকতারও প্রশংসা করেছেন তিনি।
অভিনয়জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মৌ জানিয়েছেন, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলেই কাজ করতে চান তিনি।
ব্যক্তিজীবনেও সম্প্রতি বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেত্রী। গত ১৫ নভেম্বর স্বামী মনিরের সঙ্গে দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন তিনি। মৌয়ের মতে, একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার মূল ভিত্তি হলো বিশ্বাস, ভালোবাসা ও পারস্পরিক সম্মান।
ক্যারিয়ারে স্বামীর অবদানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত মৌ বলেন, “মনিরের সহযোগিতা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। বিয়ের পর থেকেই তিনি আমার কাজকে উৎসাহ দিয়েছেন এবং সবসময় পাশে থেকেছেন। সবচেয়ে বড় কথা, তিনি অভিনয়কে আমার পেশা হিসেবে সম্মান করেন।”
সংসার ও ক্যারিয়ার—দুই ক্ষেত্রেই স্বামীর এমন সহযোগিতাকে নিজের পথচলার অন্যতম শক্তি মনে করেন তাহমিনা সুলতানা মৌ।
#TahmeenaSultanaMou #Bokulpur #BangladeshiActress #EntertainmentNews
Comments
Post a Comment