মিস ইউনিভার্সের মঞ্চে পোশাক খুলে শরীর পরীক্ষা, কার নির্দেশে ঘটেছিল সেই ঘটনা?
নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব উদ্যাপনের আন্তর্জাতিক মঞ্চ মিস ইউনিভার্স। অথচ এই প্রতিযোগিতার আড়ালেই ঘটেছিল নারীর ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ।
২০২৩ সালে ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, শরীরে দাগ, সেলুলাইট ও ট্যাটু পরীক্ষা করার অজুহাতে তাঁদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল। এমনকি অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি সম্মতি ছাড়াই আপত্তিকর ছবি তোলা হয়। অভিযোগ অনুযায়ী, ওই কক্ষে পুরুষসহ প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়াজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটজন প্রতিযোগী আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন। শুরু হয় পুলিশি তদন্ত। আন্তর্জাতিক মিস ইউনিভার্স কর্তৃপক্ষও ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। ২০২৪ সালের ৭ মার্চ মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে এক বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
একটি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এমন ঘটনা শুধু আয়োজকদের দায়িত্ব নিয়েই প্রশ্ন তোলে না, বরং নারীর সম্মতি, নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিও সামনে নিয়ে আসে।
সৌন্দর্যের বিচার হতে পারে, কিন্তু সেই অজুহাতে একজন নারীর সম্মতি ও মর্যাদা লঙ্ঘনের অধিকার কারও নেই।
#MissUniverse #Indonesia #WomenRights #EntertainmentNews
Comments
Post a Comment